ফুটবল বিশ্বে হঠাৎ আলোচনায় রবার্তো কার্লোস। ব্রাজিলের কিংবদন্তি এই তারকার ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই সাথে উঠেছে প্রশ্ন—সত্যিই কি ইসলাম গ্রহণ করেছেন তিনি, নাকি শুধুই গুঞ্জন?

দাবিটির সূত্রপাত মূলত তুরস্কের এক সংসদ সদস্যের বক্তব্য থেকে। একে পার্টির গাজিয়ানতেপের এমপি আলি শাহিন ব্রাজিল সফরে গিয়ে দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে দেখা করেন।

আর এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ব্রাজিলিয়ান ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পেরেছেন। এমনকি ইসলাম গ্রহণ করায় রবার্তোকে অভিনন্দনও জানান তিনি।

শাহিনের ভাষ্য অনুযায়ী, রবার্তো কার্লোসের সাথে শেখ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তার সাথে দেখা করেন কার্লোস। সেই সাক্ষাতেই তিনি শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।

এই বক্তব্যের পরই খবরটি ছড়িয়ে পড়ে তুরস্কের সংবাদমাধ্যমে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোলও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে অবশ্য স্পষ্ট করে বলা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো তার ধর্মান্তরের খবর নিশ্চিত করেননি।

এদিকে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সাথে রবার্তো কার্লোসের বিয়ের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাদের বিয়ের খবর একেবারে নতুন নয়; চলতি বছরের শুরু থেকেই এ নিয়ে আলোচনা রয়েছে।

রবার্তো কার্লোসের সাথে মুসলিম বিশ্বের যোগাযোগ অবশ্য নতুন নয়। ২০১১ সালে রাশিয়ার মুসলিম-অধ্যুষিত দাগেস্তানের ক্লাব আনজি মাখাচকালায় খেলেছেন তিনি। এর আগে, ২০০৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও যুক্ত হন রবার্তো কার্লোস। তুরস্কের সিভাসপোর ও আকহিসার বেলেদিয়েসপোরের মতো ক্লাবে কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews