তিন দিন আগে প্রকাশ পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ইউটিউব ফিল্ম ‘পথহারা মন’ এখন দর্শকদের আলোচনার কেন্দ্রে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটি নিয়ে প্রশংসায় ভাসছে! ইতোমধ্যে প্রায় ৫৫লাখের বেশি দর্শক নাটকটি ইউটিউব থেকে উপভোগ করেছেন।
‘পথহারা মন’ দেখে শতশত দর্শক, চলতি বছরের সেরা নাটক বলেও মন্তব্য করছেন। দর্শকদের মতে, পথহারা মন-এর সবচেয়ে বড় শক্তি এর গল্প ও আবেগ। প্রেম, পরিবার এবং বাবা-সন্তানের সম্পর্ককে ঘিরে নির্মিত কাহিনি অনেকের হৃদয় ছুঁয়ে গেছে।
বিশেষ করে দীর্ঘদিন পর বাবার চরিত্রে জাহিদ হাসানের সংযত ও বাস্তবধর্মী অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। শুধু অভিনয়ই নয়, নাটকের সংলাপ, নির্মাণশৈলী এবং আবেগঘন সমাপ্তিও দর্শকদের মুগ্ধ করেছে।
অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, নাটকটির শেষ অংশ দেখে তারা আবেগাপ্লুত হয়েছেন। তারা ইউটিউবে নাটকটি দেখে মন্তব্যে বলছেন, পথহারা মন দেখে কাঁদছেন! অনেকে লিখছেন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আবার পারিবারিক গল্পের জোয়ার এনে দিয়েছে নাটকে।
সেইসাথে এই নাটকে খায়রুল বাসার, তটিনী, দীপা খন্দকার, মনিরা মিঠু, এজাজুল ইসলাম প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করছেন।
একাধিক মন্তব্যে জাহিদ হাসানকে আবার অভিনয়ে ফিরিয়ে আনার জন্য পরিচালক রাজকে ধন্যবাদ দিয়ে মন্তব্য করেছেন দর্শকরা।
চ্যানেল আইতে প্রচারের পর শুক্রবার বিকেলে সিনেমাওয়ালার ইউটিউবে প্রকাশ পেয়েছে ‘পথহারা মন’।