একটু কড়া জবাবই যেন দিয়ে বসলেন শাদাব খান। সমালোচনাকারী সাবেক ক্রিকেটারদের এক হাত নিলেন তিনি, খোঁচা দিয়ে প্রকাশ্যে তুলে ধরলেন পূর্বসূরীদের আমলনামা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ম্যাচে ভারতের বিপক্ষে ৬১ রানে হেরে যায় পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এমন অসহায় হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে গোটা দল।

বিশেষ করে তিন সিনিয়র তারকা বাবর আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানকে নিয়ে প্রশ্ন উঠে। এমনকি তাদেরকে একাদশ থেকে তাদের বাদ দেয়ার পরামর্শও দেন সাবেক ক্রিকেটারদের অনেকেই।

শহিদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফের মতো সাবেক তারকারা যখন বাবর-শাদাবদের নিয়ে সমালোচনায় মত্ত, দাবি তোলেন সিনিয়রদের দল থেকে বাদ দেয়ার- তখন তাদের অর্জন নিয়েই প্রশ্ন তুললেন শাদাব খান।

বুধবার কলম্বোয় নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পূর্বসূরিদের জবাব দিয়েছেন এই স্পিনার। স্পষ্টই বলে বসেন, আমাদের সিনিয়ররা তো বিশ্বকাপে কখনো ভারতকে হারাতেই পারেননি!

পূর্বসূরীরা যা করতে পারেননি, বর্তমান দল তা করে দেখিয়েছে, দাবি করে এ সময় তিনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের কথা স্মরণ করিয়ে দেন।

শাদাব বলেন, ‘আমাদের সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা পাকিস্তানের জন্য ভালো খেলেছেন, কিন্তু দিনের শেষে তারাও তো কখনো বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি।’

তিনি বলেন, ‘২০২১ বিশ্বকাপে আমরাই ভারতকে হারিয়েছিলাম। বিশ্বকাপে আমরা ভারতকে মাত্র সেই একবারই হারিয়েছি। হ্যাঁ, তারা কিংবদন্তি, কিন্তু বিশ্বকাপে ভারতের বিপক্ষে তারা উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।’

তবে শাদাব স্বীকার করেন, ভারতের বিপক্ষে ম্যাচে দল ভুল করেছে। তবে সেই ভুল নিয়ে বসে থাকার সুযোগ যে নেই, তাও স্মরণ করিয়ে দেন। বলেন, ‘আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা, আর আমরা আমাদের প্রক্রিয়া অনুসরণ করছি।’

তিনি দাবি করেন, ‘দল সঠিক পথে আছে ও টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে ধারাবাহিক উন্নতি প্রয়োজন। আমরা সঠিক পথে আছি। যেসব ভালো কাজ করছি, তা চালিয়ে যেতে হবে।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews