নিকো ও’রেইলির জোড়া গোলে নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-১ গোলে জয়ী হয়ে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে। অন্যদিকে নিচের সারির দল বার্নলির সাথে ১-১ গোলে ড্র করায় চেলসির চ্যাম্পিয়ন্স লিগে ওঠার আশা ধাক্কা খেয়েছে।

ও’রেইলি ইত্তিহাদ স্টেয়িামে প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেন এবং লুইস হল সমতা ফেরানোর পর আবারো সিটির লিড পুনরুদ্ধার করেন।

পেপ গার্দিওলার দল সেরা ছন্দে না থাকলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখে। এই জয়ে তারা শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র দুই পয়েট পিছিয়ে রয়েছে।

গানার্সরা রোববার টটেনহ্যাম হটস্পারের মাঠে খেলবে। তবে উত্তর লন্ডন ডার্বির ফল যাই হোক, শিরোপার ভাগ্য এখন সিটির নিয়ন্ত্রণে।

এই সপ্তাহের পর আর্সেনালের চেয়ে একটি ম্যাচ বেশি হাতে থাকবে সিটির এবং এপ্রিলে তারা মিকেল আর্তেতার দলকে আতিথ্য দেবে। শেষ ১১ ম্যাচের সবগুলো জিততে পারলে গার্দিওলার অধীনে সিটির সপ্তম শিরোপা নিশ্চিত হবে।

যেখানে আর্সেনাল শেষ সাত লিগ ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে, সেখানে সিটি সঠিক সময়ে ছন্দে ফিরেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম জয় তাদের অপরাজিত থাকার ধারাকে আট ম্যাচে বাড়িয়েছে।

গার্দিওলা বলেন, আজ আমরা দেখেছি এভাবেই আমাদের খেলতে হবে। মৌসুমের সেরা অংশ এখন শুরু হচ্ছে। প্রতিটি ম্যাচ আজকের মতোই কঠিন হবে। পয়েন্টের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ, তবে শেষ পর্যন্ত লড়াই করতে হলে আমাদের আরো উন্নতি করতে হবে। এখন আমরা তিন দিনের বিশ্রামের যোগ্য। তারপর লিডসে আরেকটি লড়াই।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি চতুর্থ স্থানে উঠলেও তা কেবল গোল ব্যবধানে। হুয়াও পেড্রোর চতুর্থ মিনিটের গোলের পর লিড বাড়াতে ব্যর্থ হওয়ার খেসারত দিতে হয় তাদের।

১৮ মিনিট বাকি থাকতে ওয়েসলি ফোফানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চেলসির আধিপত্য নষ্ট হয়। বার্নলি পুরো সুযোগ নিয়ে ৯৩তম মিনিটে কর্নার থেকে জিয়ান ফ্লেমিংয়ের হেডে সমতা ফেরায়, যা তাদের রেলিগেশন এড়ানোর লড়াইয়ে বড় প্রেরণা দেয়।

চেলসি কোচ লিয়াম রোজেনিয়র বলেন, ক্লিন শিট যথেষ্ট নয়। সেট-পিসসহ রক্ষণের মৌলিক বিষয়গুলোও ঠিক ছিল না। এটা আমাকে ঠিক করতে হবে। মাঠে কিছু খেলোয়াড় তাদের দায়িত্ব পালন করেনি, আর সেটাই আমাদের দুই পয়েন্ট কেড়ে নিয়েছে।

ইউরোপিয় প্রতিযোগিতায় ইংলিশ দলগুলোর শক্তিশালী পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews