বিশেষ বাহিনী পাঠিয়ে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কিত উচ্চপর্যায়ের আলোচনার বিষয়ে অবগত অন্তত চারটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছে।

মার্কিনিদের দাবি, ইরানের কাছে প্রায় ৪৫০ কেজি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্র-মানের পর্যায়ে রূপান্তর করা সম্ভব। আর চলমান যুদ্ধের মাধ্যমে ইরানের এই সম্ভাব্য পরমাণু সক্ষমতাকেই শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সেনাদের এই উপাদান জব্দ করার যেকোনও অভিযানে ইরানের ভূখণ্ডে প্রবেশ করতে হবে। যুদ্ধ চলাকালীন সময়ে অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে অভিযান চালানোর মতো কঠিন চ্যালেঞ্জে উতরে যেতে হবে। যদিও সম্ভাব্য এই মিশন যুক্তরাষ্ট্র একাই পরিচালনা করবে নাকি ইসরায়েলও এতে যোগ দেবে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে, ৩ মার্চ কংগ্রেসে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জিজ্ঞেস করা হয় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করা হবে কি না। তিনি বলেন, ‘কেউ না কেউ সেখানে গিয়ে এটি নিয়ে আসতে হবে।’ যদিও কে সেটা করবে  তা তিনি স্পষ্ট করেননি।

একজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা জানান, ট্রাম্প এবং তার দল নির্দিষ্ট কিছু মিশনের জন্য ইরানে বিশেষ অভিযান পরিচালনাকারী ইউনিট পাঠানোর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে।

অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রশাসন দুটি বিকল্প নিয়ে আলোচনা করেছে। এর মধ্যে রয়েছে- ইউরেনিয়াম পুরোপুরি ইরান থেকে সরিয়ে নেয়া অথবা পারমাণবিক বিশেষজ্ঞদের সেখানে নিয়ে গিয়ে সেটিকে পাতলা করে দেয়া।

এই মিশনে বিশেষ বাহিনীর সদস্যদের পাশাপাশি বিজ্ঞানীরাও থাকতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর আগেই ট্রাম্পের কাছে উপস্থাপিত বিভিন্ন বিকল্প পরিকল্পনার তালিকায় এ ধরনের অভিযানের বিষয়টিও ছিল।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews