মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিশনের রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ ও ক্ষতিগ্রস্ত পরিবারদের কাছে অনুলিপি দেওয়ার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) লঙ্ঘন এবং বিমান দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ, বিদ্যালয় স্থানান্তরের কার্যকর পদক্ষেপ, স্থানান্তর না হওয়া পর্যন্ত শিক্ষাক্রম স্থগিত রাখার বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (৮ মার্চ) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মু. আমিরুল হক তুহিন। তাকে সহযোগিতা করেন বনরূপা রায় ও শারমিন সুলতানা নীলা।

আইনজীবী তুহিন সাংবাদিকদের বলেন, “ভুক্তভোগী পরিবারের সদস্যরা দীর্ঘদিন ন্যায় বিচারের জন্য প্রতীক্ষার পর আদালতের দ্বারস্থ হয়ে আজকের এ আদেশ পেলো। সরকার ও সংশ্লিষ্টদের কাছে প্রত্যাশা, তারা সন্তান হারা ও ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায়বিচার এবং যথাযথ ক্ষতিপূরণ প্রাপ্তিতে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখবে।”

এর আগে ২০২৫ সালের ২১ জুলাই বাংলাদেশ বিমানবাহিনীর চেংডু এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরপরই ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হন। নিহতদের মধ্যে ৩২ শিক্ষার্থী, তিন শিক্ষক ও একজন পাইলট।

এ দুর্ঘটনা তদন্তের জন্য বোর্ড অব ইনকোয়ারি ও পৃথক কমিশন গঠন করে সরকার। ২০২৫ সালের ৫ নভেম্বর প্রতিবেদন দাখিল করা হলেও তা এখনও প্রকাশ করা হয়নি বা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে নিহত ও আহত শিক্ষার্থীদের ৯ জন অভিভাবক ও ব্লাস্ট যৌথভাবে জনস্বার্থে রিটটি করেন।

রিটে তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের জবাবদিহিতা, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews