শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে এই মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্রশিবিরের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মাভাবিপ্রবি শাখা শিবিরের সভাপতি মোহাম্মদ হাফিজ বলেন, ‘বায়ান্নর ভাষা শহীদরা আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তাদের এই আত্মত্যাগ আমাদের দেশপ্রেম ও নিজেদের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন অনুপ্রেরণা জোগাবে। পবিত্র রমজান ও মহান ভাষা দিবসের এই আবহে আমরা ছাত্রসমাজকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যেতে চাই।’
শাখা শিবিরের সেক্রেটারি রাহাদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ। আজকের এই মিলনমেলা প্রমাণ করে যে, দেশের প্রয়োজনে এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে আমরা সবাই ঐক্যবদ্ধ। এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে ইফতার করতে পেরে আমরা আনন্দিত।’
আলোচনা শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।