সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখা এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অপরাধ করায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গত বছরের ১ ডিসেম্বর মামলা দায়ের করেন। তিনি একজন আয়করদাতা। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির মূল আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন।