বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের সময়েই বাংলাদেশ তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এভাবে দেশ আর চলতে পারে না।

সোমবার বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট এ আর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরও বলেন, বাংলাদেশ ৫৫ বছর যেভাবে পরিচালিত হয়েছে, তা পরিবর্তনের সময় এসেছে। আজ সবাই দুর্নীতিমুক্ত রাষ্ট্রের কথা বলছে, কিন্তু অতীত তার সাক্ষ্য দেয় না। কথা আর কাজের মিল না থাকলে পরিবর্তন সম্ভব নয়।

তিনি আরও বলেন, দুর্নীতি দমন করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যাদের বিরুদ্ধে অতীতে দুর্নীতির কোনো রেকর্ড নেই। সেই রেকর্ড রয়েছে জামায়াতে ইসলামীর নেতাদের। মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ জামায়াতে ইসলামীর ৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোট সরকার গঠন করবে। হিসাব-নিকাশ এখন পরিষ্কার। এই জোটে দেশের ইসলামী ওলামায়ে কেরাম, একাত্তরের একমাত্র বীর বিক্রম অলি আহমেদের দল, জুলাই বিপ্লবের এনসিপিসহ অন্যান্য শরিক দল রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম শাহেদী, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন, ডাকসুর সাবেক এজিএস মুহাম্মদ মহিনউদ্দিন খান, কুমিল্লা দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়া, লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুন নূর, নাঙ্গলকোট উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সোলায়মান মীর এবং পৌর জামায়াতে ইসলামীর আমির হারুনুর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews