ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎপর্যপূর্ণ একটি বার্তা দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’
সম্প্রতি নিজের ইনজুরি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর খবরের প্রেক্ষাপটে মুখ খুলেছিলেন এই টাইগার পেসার। তিনি জানান, বেশ কিছুদিন আগে তার কোমরের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম নিউজিল্যান্ডের একজন সার্জন ও দেশটির জাতীয় ক্রিকেট দলের ফিজিওর সাথে পরামর্শ করে তার চিকিৎসার জন্য ‘ন্যাচারাল হিলিং’ পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেয়।
তানজিমের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহে প্রাথমিকভাবে সেরে ওঠে। এরপর এমআরআইয়ের মাধ্যমে হাড় পুরোপুরি জোড়া লেগেছে কি না, তা নিশ্চিত করা হবে। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। হাড় জোড়া লাগার পর ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। এরপরই তিনি বোলিং অনুশীলনে ফিরবেন।
দীর্ঘ এই পুনর্বাসন প্রক্রিয়ার কারণে তানজিমের মাঠে ফিরতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। ইনজুরির বিষয়ে সঠিক তথ্য জানিয়ে তিনি ভক্ত-সমর্থকদের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছিলেন। আর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ ওই বার্তা শেয়ার করে আবারো আলোচনায় এলেন জাতীয় দলের এই পেসার।