দুই গোলে সহায়তার পর নিজে নাম লেখালেন স্কোরবোর্ডে। লিওনেল মেসির এমন জাদুকরী পারফরম্যান্সে টরেন্টোকে হারিয়ে জয়ে ফিরল ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারে রোববার রাতে টরেন্টোর বিএমও ফিল্ডে ৪-২ গোলে জিতেছে ফ্লোরিডার দলটি।
ম্যাচের ৪৪তম মিনিটে রদ্রিগো দে পলের গোলে এগিয়ে যায় মায়ামি। ৫৬তম মিনিটে মেসির পাস বক্সে পেয়ে ব্যবধান বাড়ান উরুগুয়ের তারকা লুইস সুয়ারেস। ৬৮তম মিনিটে বদলি নামার চার মিনিট পর দলের তৃতীয় গোলটি করেন সের্হিও রেগিলন।
আর ৭৫তম মিনিটে দারুণ গোলে স্কোরলাইন ৪-০ করেন মেসি। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে যান তিনি, তার সামনে ও পাশে ছিল প্রতিপক্ষের তিন খেলোয়াড়। ডান দিকে দে পলকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক, সতীর্থের ফিরতি পাস পেয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাঁ পায়ের শটে বল জালে পাঠান রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী।
৮০তম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন মেসি। তার কোনাকুনি শট ঝাঁপিয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক।
৮১ মিনিট পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে থাকা মায়ামি এরপর দুই গোল হজম করে। ৮২ ও ৯০তম মিনিটে দুটি গোল শোধ করে লড়াইয়ে উত্তেজনা ফেরায় স্বাগতিকরা।
তবে আগের ম্যাচের মতো নাটকীয় কিছু হয়নি। আগের রাউন্ডে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও নাটকীয়ভাবে ৪-৩ গোলে হেরেছিল মায়ামি।
ইস্টার্ন কনফারেন্সে ১২ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল।