জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড.এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী। শনিবার ফরিদপুর অঞ্চলের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরে এ কথা বলেন তিনি।
ড. হামিদ আযাদ বলেন, সরকার জনগণের কল্যাণমূলক ও ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে জামায়াতে ইসলামী তাতে সহযোগিতা করবে। তবে অন্যায়, দুর্নীতি, দুঃশাসন ও গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংসদের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ অব্যাহত রাখবে জামায়াত। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবি বর্তমানে জনগণের কাছে ধীরে ধীরে অধিক জনপ্রিয়তা অর্জন করেছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জাতীয় স্বার্থ রক্ষায় গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই।
ড. হামিদ আজাদ বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথ উভয় ক্ষেত্রেই কার্যকর ও গণমুখী ভূমিকা পালন করবে। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।
ড. হামিদ আযাদ সাম্প্রতিক সময়ে হাম রোগে আক্রান্ত হয়ে অসংখ্য শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অতিদ্রুত সরকারকে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা নিরুপনের আহ্বান জানান। ড. হামিদ আযাদ সীমান্তে লাগাতার হত্যাকাণ্ডের জন্যও উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে সীমান্তে হত্যাকান্ডে বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান।