বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার নেতারা বলেছেন, মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়ার সংস্কৃতি আবারও ফিরে আসায় নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। ভোলায় সাওদা সুমির গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে একে পুরোনো ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করার একটি অশুভ প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন তারা।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখা আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তারা।
সংগঠনের কর্মপরিষদ সদস্য ফাতেমা আক্তার হ্যাপি বলেন, যারা নতুন করে দেশে স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, সচেতন তরুণ প্রজন্ম তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। সাওদা সুমির বিরুদ্ধে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে রাজপথে আবারও নতুন করে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সাওদা সুমিকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনের আইন ও মানবাধিকার সম্পাদিকা সাবিকুন্নাহার মুন্নি বলেন, সাওদা সুমিকে গ্রেফতারের মধ্য দিয়ে মূলত নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার কথায় কথায় সংবিধানের দোহাই দিলেও বাস্তবে তারা পতিত স্বৈরাচারী সরকারের পথই অনুসরণ করছে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদকে অস্বীকার করার মাধ্যমে মানুষের কথা বলার অধিকারকে আজ হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে, যা প্রকারান্তরে নারী সমাজের মর্যাদাহানির শামিল। নারী সমাজের ওপর যে কোনো ধরনের আঘাত বা নগ্ন হস্তক্ষেপ কঠোরভাবে প্রতিরোধ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
জামায়াতের মহিলা শাখার সেক্রেটারি জেনারেল নুরুন্নেসা সিদ্দিকা সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান প্রশাসন গণভোটের দাবিকে অস্বীকার করছে, যা তাদের জনবিচ্ছিন্নতারই প্রমাণ। তিনি মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো সংস্কৃতি অবিলম্বে বন্ধ করার দাবি জানান।
তিনি বলেন, যারা গণআকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চায়, সাধারণ মানুষ তাদের ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।
মানববন্ধনে জামায়াতের মহিলা শাখার ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতারা বক্তব্য দেন।