রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১৮ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৩৪৮-এর কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভিতর থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন ১৭ কেজি ৯০১ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। গতকাল ঢাকা কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার (জেসি) মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার রাত ৯টায় দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৪৮ নম্বর ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। অবতরণের পর গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে বিমানটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বিমানের কার্গো হোল্ডের একটি টয়লেটের প্যানের ভিতর থেকে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।