মার্চ মাসে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের দাম গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।
শুক্রবার (৩ এপ্রিল) সংস্থাটি জানিয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ায় খাদ্যপণ্যের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত অব্যাহত থাকলে খাদ্যপণ্যের দাম আরো বাড়তে থাকবে।
এফএও-এর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরোরো এক বিবৃতিতে বলেছেন, ‘সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে খাদ্যপণ্যের সামান্য মূল্যবৃদ্ধি হয়েছে। জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে এমনটা হয়েছে। তবে বিশ্বব্যাপী খাদ্যশস্যের পর্যাপ্ত সরবরাহ পরিস্থিতিকে সামাল দিয়েছে।’
অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরোরো সতর্ক করে বলেন, সঙ্ঘাত যদি ৪০ দিনের বেশি স্থায়ী হয় এবং উৎপাদন খরচ বেশি থাকে, তাহলে কৃষকরা উপকরণের ব্যবহার কমাতে পারেন, কম ফসল উৎপাদন করতে পারেন। অথবা কম সার প্রয়োজন হয় এমন ফসলের দিকে ঝুঁকতে পারেন।
সূত্র : রয়টার্স