রটারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসকে ১–০ গোলে হারিয়েছে আলজেরিয়া। ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৮৬তম মিনিটে, যেখানে আনিস হজ মুসা ডান দিক থেকে ভেতরে ঢুকে বাঁ পায়ে নেওয়া দারুণ এক কার্লিং শটে বল জালে পাঠান।
শুরু থেকেই নেদারল্যান্ডস ম্যাচে দাপট দেখিয়ে বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আলজেরিয়া রক্ষণে সংগঠিত হয়ে ধীরে ধীরে খেলায় ফেরে এবং সুযোগের অপেক্ষায় থাকে। শেষ পর্যন্ত একমাত্র সুযোগটি কাজে লাগিয়ে তারা জয় নিশ্চিত করে।
বিশ্বকাপের আগে এই ম্যাচে পরাজয় নেদারল্যান্ডসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে আলজেরিয়ার জন্য এটি আত্মবিশ্বাস বাড়ানো একটি গুরুত্বপূর্ণ জয়।
বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপেই আছে আলজেরিয়া। গ্রুপ 'জে'তে বাকি দুই দল হলো অস্ট্রিয়া ও জর্ডান। নেদারল্যান্ডসের বিপক্ষে আলজেরিয়ার এই জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্যও সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। প্রতিপক্ষকে হালকাভাবে নিলে হিতে বিপরীত হতে পারে যেকোনো সময়।
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ৮ জুন উজবেকিস্তানের বিপক্ষে। বিশ্বকাপে তারা আছে গ্রুপ 'এফ'–এ, যেখানে তাদের প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া।
অন্যদিকে, আলজেরিয়ার পরবর্তী ম্যাচ ১৭ জুন বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে। গ্রুপ 'জে'তে তাদের বাকি দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।