ডায়াবেটিস রোগীদের জন্য নতুন চিকিৎসা সুবিধা নিয়ে ভারতে বাণিজ্যিকভাবে চালু হয়েছে সপ্তাহে একবার ব্যবহারযোগ্য ইনসুলিন ‘অউইক্লি’। ডেনমার্কভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্কের তৈরি এই ইনসুলিন ব্যবহারে প্রতিদিন ইনজেকশন নেওয়ার প্রয়োজন কমবে।

‘অউইক্লি’ মূলত প্রাপ্তবয়স্ক টাইপ-১ ও টাইপ-২ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তার জন্য তৈরি করা হয়েছে। সপ্তাহে মাত্র একবার ‘ফ্লেক্সটাচ’ পেনের মাধ্যমে এই ইনসুলিন নেওয়া যাবে। একটি ডোজ পুরো সপ্তাহজুড়ে শরীরে ইনসুলিনের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি। দেশটিতে ১০ কোটি ১০ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে ভুগছেন। পাশাপাশি প্রায় ১৩ কোটি ৬০ লাখ মানুষ প্রি-ডায়াবেটিস অবস্থায় রয়েছেন।

নোভো নরডিস্ক জানিয়েছে, ‘অউইক্লি’র জেনেরিক নাম ইনসুলিন আইকোডেক। প্রচলিত দৈনিক ইনসুলিনের পরিবর্তে এটি ব্যবহার করলে বছরে ৩৬৫ বার ইনজেকশন নেওয়ার বদলে মাত্র ৫২ বার ইনজেকশন নিলেই হবে।

এই ইনসুলিন নির্দিষ্ট দিনে পেট, উরু বা বাহুর ত্বকের নিচে প্রি-ফিল্ড পেন ডিভাইসের মাধ্যমে নিতে হয়। রোগীর রক্তে গ্লুকোজের মাত্রা অনুযায়ী এর ডোজ নির্ধারণ করা হবে।

টাইপ-১ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ‘অউইক্লি’র পাশাপাশি খাবারের সময় দ্রুত কার্যকর ইনসুলিন প্রয়োজন হতে পারে। অন্যদিকে টাইপ-২ ডায়াবেটিস রোগীরা এটি এককভাবে অথবা অন্য ওষুধের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারবেন।

বিশেষজ্ঞদের মতে, ইনসুলিন আইকোডেক রক্তের অ্যালবুমিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে কাজ করে। এর ফলে শরীরে দীর্ঘ সময় ধরে ইনসুলিনের কার্যকারিতা বজায় থাকে।

নোভো নরডিস্ক ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বিক্রান্ত শ্রোত্রিয় জানান, বিশ্বের সপ্তম দেশ হিসেবে ভারতে ‘অউইক্লি’ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। তার মতে, নতুন এই ইনসুলিন রোগীদের নিয়মিত চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে শারীরিক ও মানসিক চাপ কমাতে সহায়তা করবে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশে এই ইনসুলিন অনুমোদন পেয়েছে। ভারতে এটি সানোফির ‘ল্যান্টাস’ এবং বায়োকন, এরিস লাইফসায়েন্সেস ও লুপিনের মতো প্রতিষ্ঠানগুলোর দৈনিক ইনসুলিনের সঙ্গে প্রতিযোগিতা করবে।

আইএমএআরসি-এর তথ্য অনুযায়ী, ভারতে ইনসুলিনের বাজার ২০২৫ সালে ৬৬ কোটি ৫০ লাখ ডলারে রয়েছে, যা ২০৩৪ সালের মধ্যে বেড়ে ৯১ কোটি ৬৪ লাখ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

অলস জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জিনগত কারণসহ বিভিন্ন কারণে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। সপ্তাহে একবার নেওয়ার এই ইনসুলিন দীর্ঘমেয়াদে রোগীদের রক্তে শর্করা নিয়ন্ত্রণে নতুন সুযোগ তৈরি করতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews