সেই ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জুনিগার লাথি থেকে হিসাব করলে ছয়টি মারাত্মক চোট সহ্য করে এত দিন টিকে আছেন নেইমার। অনেকের এত চোট নিয়ে এ পর্যন্ত আসারই কথা নয়! কিন্তু নেইমার শুধু আসেনইনি, খেলেছেনও ভালো।
কতটা ভালো, সেটি শুনুন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির ভাষায়, ‘নেইমারের মাঠে নামার মুহূর্তেই ম্যাচটা বদলে গেল। বিশ্বসেরা খেলোয়াড়েরা এমনই। ম্যাচে নিজের প্রভাব রাখতে তাঁদের পুরো ৯০ মিনিট মাঠে থাকার প্রয়োজন হয় না।’
নেইমারের মেয়ে মাভি এবং তাঁর মা ব্রুনা বিয়ানকার্দিও ছিলেন মাঠে। মাভির টি–শার্টে লেখা ছিল ‘১০০% যিশুর।’ শুধু কন্যা নয়, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাফু, রবার্তো কার্লোসও ছিলেন গ্যালারিতে। তাঁদের সামনে নেইমার প্রত্যাবর্তনের গল্প লেখার পর কেঁদেছেন শেষ বাঁশি বাজার সময়। সেই অশ্রু কি আনন্দাশ্রু?