দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে সবচেয়ে বড় টুর্নামেন্ট সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার লাল-সবুজের মেয়েদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি। তবে হ্যাটট্রিক মিশনে নেই স্বপ্না রানী ও মুনকি আক্তার। আগের দুই শিরোপা জয়ে অবদান ছিল স্বপ্নার। অন্যদিকে ২০২৪ সালে শেষ ট্রফিজয়ী দলে ছিলেন মুনকি। কিন্তু হ্যাটট্রিক শিরোপা জয় মিশনে রাখা হয়নি এ দুই মিডফিল্ডারকে। তবে বাজে পারফরম্যান্সের কারণেই নাকি এবারের সাফ দলে রাখা হয়নি তাদের। গতকাল বিকালে মতিঝিলস্থ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জাতীয় নারী ফুটবল দলের ইংলিশ প্রধান কোচ পিটার জেমস বাটলার। তিনি বলেন,‘তাদের পারফরম্যান্স খুবই খারাপ। তাই তাদেরকে দলে নেওয়া হয়নি। আশাকরি একদিন তাদের বোধদয় হবে।’ ইনজুরির জন্য দল থেকে বাদ পড়েছেন নবীরন খাতুন। সব মিলিয়ে গত সাফের দল থেকে এবার বাদ পড়েছেন ১০ ফুটবলার। এরা হলেন- সাবেক অধিনায়ক সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, নিলুফার ইয়াসমিন, আইরিন খাতুন, স্বপ্না রানী, মুনকি আক্তার ও গোলরক্ষক ইয়ারজান বেগম। তবে দলে নতুন মুখ অর্পিতা বিশ^াস ও মৌমিতা খাতুন। এছাড়া অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপে খেলা সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী রয়েছেন স্কোয়াডে। ভারতের গোয়ায় আগামী ২৫ মে শুরু হবে এবারের নারী সাফের খেলা। ফাইনালের মধ্যদিয়ে ৬ জুন। এ আসরকে সামনে রেখেই কাল ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন কোচ বাটলার।
আসন্ন নারী সাফ উপলক্ষ্যে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষ করেছেন আফিদা খন্দকার-ঋতুপর্ণা চাকমারা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে হওয়া এই ক্যাম্প শেষে দুই দিন আগেই ঢাকায় ফিরেছেন তারা। ঘোষিত ২৩ সদস্যের দলটি আজ থাইল্যান্ডের উদ্দেশে রওনা হওয়া। সেখানে ১৫ দিনের ক্যাম্প করার পাশাপাশি স্থানীয় প্রিমিয়ার লিগের দুই ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ১০ মে টায়ার-১ এর কাসিম বুন্দিত এফসি এবং ১৭ মে দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাবের বিপক্ষে ম্যাচ দু’টি খেলবে তারা। এরপর সেখান থেকেই ২১ মে বাংলাদেশ দল যাবে ভারতের গোয়ায়। যেখানে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামবে তারা। বাংলাদেশের প্রথম দুই সাফ জয়ের অধিনায়ক সাবিনা খাতুন। গত সাফ জয়ের পর থেকে কোচ বাটলারের সঙ্গে দূরত্বে তিনিসহ কৃষ্ণা, মাসুরা, সানজিদা ও সুমাইয়া দলের বাইরে। এবার তাদের ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে যাচ্ছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের লক্ষ্য হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। সেজন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছি আমরা। বাফুফের পক্ষ থেকে এই টুর্নামেন্টে গুরুত্ব দেওয়া হয়েছে।’ শিরোপা ধরে রাখার মিশনে আত্মবিশ্বাসী দল। অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘এবার আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জেতার সুযোগ। টুর্নামেন্টকে সামনে রেখে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের গ্রুপে শক্তিশালী ভারতও রয়েছে। তারপরও আমরা ভালো খেলে সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
ছয় দলের সাফে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে লাল-সবুজদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত এবং মালদ্বীপ। ‘এ’ গ্রুপের দলগুলো হলো- নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। ২৯ মে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবেন আফিদারা। ৩১ মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল গড়াবে আগামী ৬ জুন।
বাংলাদেশ দল
রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফিদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমহেলা মারমা, মোসাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র।