আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসির জোড়া গোলে পিছিয়ে পড়েও মেজর লিগ সকারে (এমএলএস) দারুন এক জয় তুলে নিয়েছে ইন্টার মিয়ামি। রোববার (১ মার্চ) ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডো সিটিকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে দলটি।
গত সপ্তাহে মৌসুমের উদ্বোধনী ম্যাচেই হারের দেখা পায় বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন মায়ামি। তবে দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে জয়ের ধারায় ফিরল দলটি। প্রথমার্ধে অসাধারণ পারফরমেন্স করা অরল্যান্ডোর কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ে আরেকটি পরাজয়ের দিকেই এগোচ্ছিল মেসির দল।
ঘরের মাঠে সমর্থকদের সামনে অরল্যান্ডো দ্রুতই এই লিড নেয়। ১৮তম মিনিটে ক্রোয়েশিয়ান আন্তর্জাতিক উইঙ্গার মার্কো পাসালিচ গোলের খাতা খোলেন। মিডফিল্ডে মায়ামি বল হারানোর পর ইভান অ্যাঙ্গুলোর ক্রস থেকে নিচু শটে বল জালে জড়ান তিনি। এর ছয় মিনিট পর অরল্যান্ডো ব্যবধান দ্বিগুণ করে। ডান দিকের ফুলব্যাক গ্রিফিন ডরসি বল বাড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার মার্টিন ওহেদার দিকে, যিনি নিখুঁত ফিনিশে গোল করেন।
এরপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মায়ামি। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে লিওনেল মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল দু’জনই গোলের খুব কাছাকাছি পৌঁছে যান। ২৮তম মিনিটে ডি পলের দূরপাল্লার জোরালো শট অরল্যান্ডোর কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো রুখে দেন। কিছুক্ষণ পরই ক্রেপো আরো একটি অসাধারণ সেভ করেন। বক্সের ভেতর থেকে নেয়া মেসির শট প্রতিহত করেন তিনি।
তবে বিরতির পর ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়, ম্যাচে ফেরে মায়ামি। বদলি খেলোয়াড় মাতেও সিলভেত্তি ৪৯তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন। এর আট মিনিট পর লিওনেল মেসির গোলে সমতায় ফেরে মায়ামি। বক্সের প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলকিপারের পাশ দিয়ে বল জালে জড়ান তিনি।
৮৫তম মিনিটে মায়ামিকে ৩-২ গোলে এগিয়ে নেয়ায় বড় ভূমিকা রাখেন আর্জেন্টাইন জাদুকর মেসি। তার নিখুঁত পাস থেকে তেলাস্কো সেগোভিয়া গোল করে প্রথমবারের মতো মিয়ামিকে লিড উপহার দেন। এরপর ৯০তম মিনিটে প্রত্যাবর্তনের ইতিহাস লেখেন মেসি। নিখুঁত ফ্রি-কিকে অরল্যান্ডোর জাল ভেদ করেন তিনি। আর তাতেই স্কোরলাইন দাঁড়ায় ৪-২।
সূত্র : বাসস