ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী আমাদের ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু শরিয়া বাস্তবায়নের সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় আমরা কোনো জোটে যাইনি। পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন।
গতকাল ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভালো নীতি, ভালো নেতা ও ভালো আদর্শ থাকলে আদর্শবান নেতৃত্ব খলিফা ওমর (রা.)-এর মতো শাসন কায়েম করতে পারে। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার এই তিনটি বাস্তবায়নের প্রকৃত নামই হলো ইসলাম।
তিনি বলেন, বর্তমানে যারা বিএনপি জোট বা জামায়াত জোট থেকে নির্বাচন করছে, তারা কেউ ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চায় না। একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়। অনেকে এখনো মাঠে নামেননি। মনে রাখতে হবে, প্রার্থী বড় কথা নয়, মার্কা বড়। যারা আমাদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে তাদের ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে। জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকার। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল কারীম, আইম্ম পরিষদের সভাপতি মুফতি আবদুল্লাহ আল কাসেমী, জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মিজবাহ, আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান প্রমুখ।
চরমোনাই পীর এ সময় নজরুল ইসলামের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন। প্রতীক হিসেবে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।