যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সাম্প্রতিক নির্বাচনে মেয়র জোহরান মামদানির সমর্থনপুষ্ট কয়েকজন প্রার্থীর জয় দেশটির ডেমোক্র্যাটিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এসব ফলাফল ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে ইসরাইলপন্থী অবস্থানের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত বহন করছে।

গত দুই বছরে নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী ও কর্মীরা নিরাপত্তা অভিযান, প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপের মুখে পড়েন। একই সঙ্গে অভিবাসন ও নির্বাসনসংক্রান্ত নানা পদক্ষেপও তাদের আন্দোলনকে চ্যালেঞ্জের মুখে ফেলে।

এমন প্রেক্ষাপটে ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাথে যুক্ত কর্মী দারিয়ালিজা আভিলা শেভালিয়ারের রাজনৈতিক উত্থান বিশেষ গুরুত্ব পেয়েছে। গত বছরের নভেম্বরে তিনি প্রার্থিতা ঘোষণা করলে রাজনৈতিক অঙ্গনে খুব বেশি পরিচিত ছিলেন না। তবে শুরু থেকেই তিনি অভিবাসী পরিবারগুলোর পুনর্মিলন এবং ফিলিস্তিনে চলমান যুদ্ধের বিরুদ্ধে অবস্থানকে নিজের রাজনৈতিক প্রচারের কেন্দ্রবিন্দুতে রাখেন।

মঙ্গলবার অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে আভিলা শেভালিয়ার দীর্ঘদিনের কংগ্রেসম্যান আদ্রিয়ানো এস্পাইলাতকে পরাজিত করে দলীয় মনোনয়ন নিশ্চিত করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, চলতি নির্বাচনী চক্রে এটি অন্যতম বড় অঘটন।

আভিলা শেভালিয়ারের পাশাপাশি জোহরান মামদানির সমর্থিত আরো কয়েকজন প্রার্থীর সাফল্য প্রগতিশীল রাজনীতির উত্থানকে নতুন মাত্রা দিয়েছে। সমর্থকদের দাবি, এসব ফলাফল দেখাচ্ছে যে ফিলিস্তিনি অধিকারের পক্ষে প্রকাশ্য অবস্থান নেওয়া প্রার্থীদের প্রতি ভোটারদের সমর্থন বাড়ছে।

ফিলিস্তিনপন্থী সংগঠন ‘জুইশ ভয়েস ফর পিস (জেভিপি) অ্যাকশন’-এর রাজনৈতিক পরিচালক বেথ মিলার বলেন, নিউইয়র্কের এই নির্বাচন ডেমোক্র্যাটিক নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

তার ভাষায়, “নিউইয়র্ক সিটিতে রাজনৈতিক ভূমিকম্প ঘটেছে। এই ফলাফল দেখিয়েছে যে ফিলিস্তিনি স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন শুধু নৈতিক অবস্থান নয়, এটি প্রগতিশীল প্রার্থীদের বিজয়ের পথও তৈরি করতে পারে।”

বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের নির্বাচনী ফলাফল যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতি, গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রশ্নে ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ বিতর্ক আরো জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews