আন্তর্জাতিক কৃষি ও বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং কমিশন (সিআইজিআর) আয়োজিত ২০২৫ সালের আন্তর্জাতিক আইডিয়া প্রতিযোগিতায় চারটি ভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাইলফলক গড়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীরা।

বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ের এই বৈশ্বিক প্ল্যাটফর্মে সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতে বিজয়ী হয়েছে বাকৃবির চারটি দল। প্রতিযোগিতায় বাছাই পর্বে প্রকল্পগুলো প্রথমে সিআইজিআরের বিভিন্ন টেকনিক্যাল সেকশনে মূল্যায়ন করা হয়। সেখান থেকে সেরা প্রকল্পগুলো চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হয়।

প্রতিযোগিতার সাতটি ক্যাটাগরি হলো— ল্যান্ড অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, স্ট্রাকচার্স অ্যান্ড এনভায়রনমেন্ট, প্ল্যান্ট প্রোডাকশন, এনার্জি ইন এগ্রিকালচার, সিস্টেম ম্যানেজমেন্ট, বায়োপ্রসেসেস ও ইনফরমেশন টেকনোলজি।

এর মধ্যে ‘স্ট্রাকচার্স অ্যান্ড এনভায়রনমেন্ট’ (টেকনিক্যাল সেকশন-২) ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন সাবিদুর রহমান শেজান ও নুসরাত জিহান জুই। ‘এনার্জি ইন এগ্রিকালচার’ (টেকনিক্যাল সেকশন-৪) ক্যাটাগরিতে প্রথম স্থান (স্বর্ণ) অর্জন করেছেন মো: আবু হুরায়রা আল রিজন, আমিনা আরিফ রিয়া ও শোয়াইব আহমেদ সতেজ।

এ ছাড়া ‘সিস্টেম ম্যানেজমেন্ট’ (টেকনিক্যাল সেকশন-৫) ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছেন তানভীর হোসেন, খৈরম অনন্তা অনি ও নুসরাত জাহান মুমু। একই ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন মো: রাহাত মিয়া ও খন্দকার জুনায়েদ আহমেদের দল।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, ঘানা ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বৈশ্বিক প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রেখেছেন বাকৃবির শিক্ষার্থীরা। স্বীকৃতিস্বরূপ স্বর্ণজয়ীরা পাচ্ছেন ৫০০ মার্কিন ডলার এবং ব্রোঞ্জজয়ীরা পাচ্ছেন ২০০ মার্কিন ডলারসহ বিশেষ সম্মাননা।

আগামী ২০২৬ সালের জুন মাসে ইতালির তুরিনে অনুষ্ঠেয় ‘সিআইজিআর ওয়ার্ল্ড কংগ্রেস’-এ বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়া হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার সাতটি ভিন্ন প্রযুক্তিগত ক্ষেত্র থেকে সেরাদের নির্বাচন করা হয় এবং একজন সামগ্রিক বিজয়ী ওই কংগ্রেসে অংশগ্রহণের জন্য পূর্ণ আর্থিক সুবিধাও পেয়ে থাকেন।

এনার্জি ইন এগ্রিকালচার ক্যাটাগরিতে স্বর্ণজয়ী দলের সদস্য মো: আবু হুরায়রা আল রিজন বলেন, এই আন্তর্জাতিক সাফল্য আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার ফল। বাংলাদেশ থেকে অংশ নেয়া সব দলই বাকৃবির হওয়ায় এই অর্জন আমাদের জন্য বিশেষ গর্বের।

সিস্টেম ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জনকারী নুসরাত জাহান মুমু বলেন, আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম উজ্জ্বলভাবে তুলে ধরতে পেরে আমরা গর্বিত। এই সাফল্য ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews