পুরোনো ১৫ মিলিয়ন ডলারের দেনা থেকে ৪ মিলিয়ন ছাড় দিয়েছেন ডাচ তারকা; বাকি ১১ মিলিয়ন চার কিস্তিতে পরিশোধ করবে করিন্থিয়ানস মেমফিস ডিপাইয়ের সঙ্গে দুই বছরের চুক্তি নবায়নে করিন্থিয়ানসের মোট খরচ হবে প্রায় ২৬ মিলিয়ন ডলার। ESPN-এর তথ্য অনুযায়ী, নতুন চুক্তিতে ডাচ ফরোয়ার্ড আগের ১৫ মিলিয়ন ডলারের পাওনা থেকে ৪ মিলিয়ন ডলার ছাড় দিতে রাজি হয়েছেন। বাকি ১১ মিলিয়ন ডলার চার কিস্তিতে পরিশোধ করবে ব্রাজিলিয়ান ক্লাবটি।
নতুন চুক্তিতে মেমফিস প্রতি মৌসুমে পাবেন ৭.৫ মিলিয়ন ডলার। এর বাইরে করিন্থিয়ানসের স্টেডিয়ামে তার জন্য থাকবে দুটি ব্যক্তিগত বক্স, যেখানে তিনি ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজনের জন্য নির্দিষ্ট তারিখ ব্যবহার করতে পারবেন। দলের সাফল্যের ওপর ভিত্তি করেও থাকছে বিভিন্ন বোনাস।
তবে আগের চুক্তির তুলনায় এবার একটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। গোল করার জন্য কোনো বোনাস পাবেন না মেমফিস। অর্থাৎ ব্যক্তিগত গোলসংখ্যার পরিবর্তে নতুন চুক্তিতে তার আর্থিক প্রণোদনার বড় অংশ নির্ভর করবে দলের অর্জনের ওপর।
চুক্তিটি নিয়ে বেশ কয়েক দফা নাটকীয়তার পর শেষ পর্যন্ত দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। করিন্থিয়ানস এর আগে আর্থিক কারণে চুক্তি নবায়ন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিল। পরে মেমফিসও আর্থিক দাবিতে ছাড় দেওয়ায় নতুন করে আলোচনা এগোয় এবং ক্লাবটি তাকে ২০২৮ সাল পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেয়।