মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে কন্নড় সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আর ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। ছবিতে নারীদের উপস্থাপন, প্রচারণায় নারী চরিত্রগুলোর সীমিত উপস্থিতি এবং সাম্প্রতিক গান ‘তাবাহি’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনা। এমন সময় ছবিটির পক্ষে মুখ খুললেন অভিনেত্রী কিয়ারা আদভানি। তাঁর দাবি, দর্শক শেষ পর্যন্ত সততা ও ভালো গল্পের সঙ্গেই সংযোগ তৈরি করেন।
সম্প্রতি ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘টক্সিক’-এ নাদিয়া চরিত্রটি তাঁর অভিনয়জীবনের অন্যতম পরিপূর্ণ অভিজ্ঞতা। পরিচালক গীতু মোহনদাস যখন চরিত্রটির বর্ণনা দেন, তখনই তিনি মুগ্ধ হয়ে যান।
কিয়ারার ভাষায়, ‘গল্প শোনার পর বুঝেছিলাম, এটি অসাধারণভাবে নির্মিত একটি চরিত্র। শক্তি, ভঙ্গুরতা, উন্মাদনা, বিচ্ছিন্নতা, সংবেদনশীলতা—একজন অভিনেত্রী হিসেবে যা যা প্রকাশ করতে চাই, সবই এই চরিত্রে আছে। এমন চরিত্রেরই অপেক্ষায় থাকেন একজন অভিনেতা।’