ফ্রান্সে অবস্থানরত সিলেট-৩ আসনের ১১ দলীয় সমর্থক ফোরামের উদ্যোগে রোববার বিকালে প্যারিসের ওভারবিলিয়ে এলাকার ‘বটতলা’ রেস্টুরেন্টের হলরুমে এক নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজুর ‘রিকশা’ প্রতীকের পক্ষে সমর্থন জানানো হয়।
খালেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম মাহবুব ও মাওলানা নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভা শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ নাফে।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন হাফেজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজু। তিনি নির্বাচিত হলে সিলেট-৩ আসনের ভারসাম্যমূলক উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের উপদেষ্টা জালাল উদ্দীন, সংগঠনের সভাপতি খায়রুল আলম লস্কর এবং নোয়াজিলেক জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সুফিয়ান বিন এনামসহ ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে মোসলেহ উদ্দীন রাজুকে বিজয়ী করার আহ্বান জানান। শেষে মাওলানা মোজাম্মেল হকের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।