ব্রাজিলের কিংবদন্তি তারকা রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের ঘটনায় তাকে অভিনন্দন জানিয়েছেন কাবা শরিফের (মসজিদুল হারাম) সর্বকনিষ্ঠ ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ দোসারি।
বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শায়খ দোসারি কার্লোসকে উদ্দেশ করে লেখেন, ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।’
কাবা শরিফের এই ইমাম সাবেক এই ব্রাজিলিয়ান কিংবদন্তির জন্য শুভকামনা জানিয়ে ও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে তিনি আরো লেখেন, ‘হে আল্লাহ! তাকে আপনার দ্বীনের ওপর অটল রাখুন, তার অন্তরকে হেদায়েত দিন, তার ইসলাম গ্রহণে তাকে বরকত দান করুন এবং তাকে দৃঢ়তা ও হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।’
এর আগে, গতকাল মঙ্গলবার সর্বপ্রথম রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি সামনে আসে। বিষয়টি প্রকাশ করেন তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, সম্প্রতি তিনি ব্রাজিল সফরে গিয়ে দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ব্রাজিলিয়ান ইসলামী ব্যক্তিত্ব শায়খ জিহাদ হাম্মাদের কাছ থেকে রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের কথা জানতে পারেন। এমনকি ইসলাম গ্রহণ করায় রবার্তোকে অভিনন্দনও জানান আলি শাহিন।
শাহিনের ভাষ্য অনুযায়ী, রবার্তো কার্লোসের সাথে শায়খ হাম্মাদের বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তার সাথে দেখা করেন কার্লোস। সেই সাক্ষাতেই তিনি শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন বলে দাবি করা হয়েছে।
এই বক্তব্যের পরই খবরটি ছড়িয়ে পড়ে তুরস্কের সংবাদমাধ্যমে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোল ডটকমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে অবশ্য স্পষ্ট করে বলা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো তার ধর্মান্তরের খবর নিশ্চিত করেননি।
এদিকে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির সাথে রবার্তো কার্লোসের বিয়ের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাদের বিয়ের খবর একেবারে নতুন নয়; চলতি বছরের শুরু থেকেই এ নিয়ে আলোচনা রয়েছে।
রবার্তো কার্লোসের সাথে মুসলিম বিশ্বের যোগাযোগ অবশ্য নতুন নয়। ২০১১ সালে রাশিয়ার মুসলিম-অধ্যুষিত দাগেস্তানের ক্লাব আনজি মাখাচকালায় খেলেছেন তিনি। এর আগে, ২০০৭ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও যুক্ত হন রবার্তো কার্লোস। তুরস্কের সিভাসপোর ও আকহিসার বেলেদিয়েসপোরের মতো ক্লাবে কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
রবার্তো কার্লোস দা সিলভা রোচা ১৯৭৩ সালের ১০ এপ্রিল ব্রাজিলের সাও পাওলো রাজ্যের গার্সা শহরে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাজিলের বিখ্যাত সাবেক ফুটবলার এবং বিশ্বের অন্যতম সেরা বাঁ-প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে বিবেচিত ছিলেন।
তিনি ইউনিয়াও সাও জোয়াও ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। এরপর পালমেইরাস, ইন্টার মিলান এবং পরে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। রিয়াল মাদ্রিদে তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন। এ সময়ে তিনি তিনবার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন।
তিনি ব্রাজিল জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন এবং ১৯৯৮, ২০০২ ও ২০০৬ সালের বিশ্বকাপে অংশ নেন। ২০০২ সালে ব্রাজিলের হয়ে ফিফা বিশ্বকাপও জয় করেন।