মাংসপেশির ইনজুরি থেকে ধীরে ধীরে সেরে উঠতে থাকা ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র আবারও মাঠে ফিরেছেন। বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে শুক্রবার তাকে গ্রাঞ্জা কোমারি ট্রেনিং সেন্টারে দেখা গেছে।
তবে পুরো দলের সঙ্গে অনুশীলনে অংশ নেননি তিনি। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির তত্ত্বাবধানে চলা সেশনে নেইমারকে হাস্যোজ্জ্বল অবস্থায় কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে এবং মাঠে হালকা নড়াচড়া করতে দেখা যায়। তিনি স্নিকার্স পরে খুবই হালকা অনুশীলন করেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) প্রকাশিত ছবিতে দেখা যায়, বুধবার ক্যাম্পে যোগ দেওয়ার পর এটি ছিল মাঠে তার প্রথম উপস্থিতি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ায় ফিজিওথেরাপি ও জিম সেশন অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার তিনি মূলত হালকা ব্যায়াম করেন এবং সতীর্থদের পূর্ণাঙ্গ অনুশীলন পর্যবেক্ষণ করেন।
সিবিএফ জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে গ্রেড-২ ইনজুরির কারণে নেইমারকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। এর আগে ক্লাব সান্তোস শুধু পেশিতে সামান্য ফোলা থাকার কথা জানিয়েছিল, তবে পরবর্তী পরীক্ষায় ইনজুরির মাত্রা বেশি গুরুতর বলে ধরা পড়ে।
ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা নেইমার প্রস্তুতিমূলক দুটি প্রীতি ম্যাচ—পানামা ও মিসরের বিপক্ষে খেলতে পারবেন না। তবে ২০২৬ বিশ্বকাপের দলে তিনি এখনো আছেন এবং সময়মতো ফিট হয়ে ফিরতে পারলে টুর্নামেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/এম.এস