সৌদি আরবের বুরাইদাহতে চলছে আন্তর্জাতিক খেজুর উৎসব। প্রতিদিন এই উৎসব দেখতে দেশী-বিদেশী অসংখ্য মানুষ সেখানে ভীড় জমাচ্ছেন।
এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো- এখানে সরাসরি নিলামে খেজুর বেচাকেনা হয়। একেকজন একেকভাবে তাদের খেজুর বিক্রি করে থাকেন।
আগত অনেক দর্শনার্থীর কাছে খেজুরের এই নিলাম অন্যতম আগ্রহের বিষয়। সৌদি প্রেস অ্যাজেন্সি জানায়, এই নিলাম কৃষকদের তাদের ফসল সর্বোত্তম উপায়ে বাজারজাত করার সুযোগ করে দেয়।
উৎসবে কিছু ব্যবসায়ী চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিন তাদের পণ্য বিক্রি করেন, আবার কেউ কেউ সেগুলো কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে পরে বিক্রি করেন।
বুরাইদাহ আন্তর্জাতিক খেজুর উৎসব কমিটির সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খালিদ আল-নাকিদান বলেন, ‘উৎসবে কেনাবেচা প্রক্রিয়া কার্যক্রমে দৈনিক নিলামগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
তার মতে, ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা খেজুরের ন্যায্য মূল্য নির্ধারণ করে, যা নিশ্চিত করে পুরো মৌসুম জুড়ে বাণিজ্যিক কার্যক্রমের ধারাবাহিকতাও।’
নির্দিষ্ট জাতের খেজুরের দাম তার গুণমান, প্রাপ্যতা এবং চাহিদার ওপর ভিত্তি করে নির্ধারিত হয়, যা একদিকে পণ্যের বৈচিত্র্য এবং অন্যদিকে সরবরাহ ও চাহিদার প্রতি বাজারের প্রতিক্রিয়ার প্রতিফলন ঘটায়।
উল্লেখ্য যে, বুরাইদাহ আন্তর্জাতিক খেজুর উৎসব খেজুর ক্রয়-বিক্রয়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যেখানে কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়, যা কার্যকর বাণিজ্যকেও বিশেষভাবে উৎসাহিত করে।
সূত্র : এসপিএ