ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করলো ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে মাইকেল ক্যারিকের দল। ম্যাথেউস চুনহা ও বেঞ্জামিন সেসকোর গোলে পিছিয়ে পড়ার পর, ডোমিনিক সোবোসলাই ও কোডি গাকপোর গোলে সমতায় ফেরে লিভারপুল। পরে দারুণ এক গোলে ব্যবধান গড়ে দেন কবি মেইনু। আসরে প্রথম দেখায় লিভারপুলের মাঠেও ২-১ গোলে জিতেছিল ইউনাইটেড। এবার প্রতিশোধের আশা জাগালেও, পারল না লিভারপুল। লিগে টানা তিন জয়ের পর আবার হারল আর্না সøটের দল। এই জয়ে দুই মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগে ফেরাও নিশ্চিত হয়ে গেছে ম্যান ইউর। রুবেন অ্যামুরিমের কোচিংয়ে যে দল জয়ের পথ হারিয়ে ফেলেছিল, সেই ইউনাইটেডই ক্যারিকের হাত ধরে ধারাবাহিক সাফল্যে ফিরেছে। অর্ন্তবর্তীকালীন এই কোচের সময়ে লিগে ১৪ ম্যাচ খেলে টানা তৃতীয় ও মোট ১০টি জয় পেল তারা। ৩৫ ম্যাচে ১৮ জয় ও ১০ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে লিভারপুল।
এদিকে, শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়ে পড়া রিয়ালকে লড়াইয়ে ফেরালো ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিপক্ষের মাঠে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে এসপানিওলকে হারিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারে ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখল আলভারো আরবেলোয়ার দল। রোববার রাতে লা লিগার ম্যাচে ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। রিয়ালের জন্য এমনিতেই মৌসুমটা ব্যর্থতায় ঠাসা। ম্যাচে পয়েন্ট হারালেই শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতো রিয়ালের। সেক্ষেত্রে চার ম্যাচ আগেই শিরোপার উৎসব করতো বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোল আদায় করতে পারেনি রিয়াল। বিরতি থেকে ফিরেই রিয়ালকে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। ডি বক্সে গঞ্জালো গার্সিয়ার কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়ের মধ্য দিয়ে এগিয়ে নিচু শটে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১১ মিনিট পর কিছুটা একইভাবে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। জুড বেলিংহ্যামকে পাস দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি এবং সতীর্থের ব্যাকহিলে বাড়ানো ফিরতি বল পেয়ে জোরাল শটে আসরে নিজের ১৫তম গোলটি করেন ২০২৪ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার। ৩৪ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। আগামী সপ্তাহে এই দুই দলের লড়াইয়ে হার এড়ালেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।