শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গ্রামের কৃষক শহিদ মিয়া খাল খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি বোমা কিংবা মাইন হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।
আরও পড়ুন
আরও পড়ুন রোয়াংছড়িতে সেনাবাহিনী সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১

শ্রীমঙ্গল থানার এসআই মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা চালায়। রাত ৮টায় বিশেষজ্ঞ দলটি মর্টারশেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে শেলটি নিষ্ক্রিয় করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গোলাবারুদটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল হতে পারে।