কলকাতায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। বুধবার (২৭ মে) দুপুরে কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় এই ঘটনা ঘটে; নির্মাতাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিখ্যাত এই চলচ্চিত্র নির্মাতার একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর সোয়া ১টার মধ্যে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পরিচালক ভবনের কোনো ফ্ল্যাটে না গিয়ে সরাসরি ছাদে উঠে যান। সেখান থেকে নিচে পড়ে যাওয়ার পর দুপুর ২টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, নির্মাতার গড়িয়াহাটের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। যাতে লেখা রয়েছে, ‘এই ঘটনার জন্য কেউ দায়ী নয়।’ আবার, আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুইডেন প্রবাসী মেয়েকে উদ্দেশ্য করে নোটটি লেখা হয়েছে।

এদিকে স্বনামধন্য পরিচালক আচমকাই কেন আত্মঘাতী হলেন, তা নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। পুলিশ সেই সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। ওই হাতের লেখা আদৌ পরিচালকের কিনা, সেটা খতিয়ে দেখতে ওই চিঠি ফরেন্সিকে পাঠিয়েছেন তদন্তকারীরা।

এদিকে আনন্দবাজার আরও উল্লেখ করেছে, প্রাক্তন স্ত্রী সন্ধি দত্তের বাড়িতে ঘটেছে এই ঘটনা। হিন্দুস্তান পার্ক এলাকায় প্রাক্তন স্ত্রীর বাড়িতেই নাকি বুধবার সকালে গিয়েছিলেন তিনি। তবে পরিচালক নিজে থাকতেন গড়িয়াহাটের ডোভার লেনের বাড়িতে।

এদিকে পরিচালকের আকস্মিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন কলকাতার রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। চলচ্চিত্র প্রযোজক ফিরদৌসল হাসান জানান, অনীক দত্তের মেয়ে বিদেশ থেকে রওনা হয়েছেন, তিনি আসার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কলকাতা পুলিশ এই ঘটনাটিকে আপাতত অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন। এদিকে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews