ইরানের হুমকির প্রেক্ষিতে লেবাননের বৈরুতে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত সশরীরে পাঠদান কার্যক্রম বন্ধ করেছে। এর পরিবর্তে প্রতিষ্ঠানটি আগামী দুই দিনের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ফাদলো খৌরি এক বিবৃতিতে বলেন, ‘রোববার ভোরে আমরা অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে হুমকির বিষয়ে অবগত হয়েছি। বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস বা চিকিৎসাকেন্দ্রের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকির প্রমাণ নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার ও মঙ্গলবার পুরোপুরি অনলাইনে কার্যক্রম পরিচালনা করা হবে, শুধুমাত্র জরুরি কর্মীরা ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।’

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেয়। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার যদি চায় যে, এ অঞ্চলে তাদের বিশ্ববিদ্যালয়গুলো পাল্টা হামলা থেকে নিরাপদ থাকুক, তাহলে সোমবার (৩০ মার্চ) তেহরান সময় দুপুর ১২টার মধ্যে তাদের একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর হামলার নিন্দা জানাতে হবে।’

এতে আরো বলা হয়, ‘অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সব কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং আশপাশের বাসিন্দাদের আমরা পরামর্শ দিচ্ছি, ক্যাম্পাস থেকে অন্তত এক কিলোমিটার দূরে অবস্থান করুন।’

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ের শাখা রয়েছে। এর মধ্যে কাতারে টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় এবং সংযুক্ত আরব আমিরাতে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। এছাড়া লেবাননে অবস্থিত আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত অঞ্চলটির অন্যতম প্রধান মার্কিন শিক্ষা প্রতিষ্ঠান, যার ক্যাম্পাস ও হাসপাতাল বৈরুত শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

সূত্র: আল আরাবিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews