মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তাদের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরালতা’ রোববার ইরানি পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এম/টি স্ট্রিম’ আটকে দিয়েছে।
সেন্টকমের দাবি, জাহাজটি একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করছিল বলেই তারা এই পদক্ষেপ নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এই দুই জাহাজের একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, এটি ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধেরই একটি অংশ।
তবে এই পুরো ঘটনাটি আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইরানের ওপর মার্কিন চাপ তৈরির পুরনো কৌশল হিসেবেই দেখা হচ্ছে। মেরিন ট্রাফিক নামের একটি মেরিটাইম অ্যানালিটিক্স প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এম/টি স্ট্রিম একটি অপরিশোধিত তেলবাহী জাহাজ যা ইরানের পতাকা বহন করছিল। শেষবার ১৩ দিন আগে জাহাজটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালীতে দেখা গিয়েছিল।
সমুদ্রের বুকে এই ধরনের ঘটনা এটাই প্রথম নয়, বরং একে মার্কিন প্রশাসনের গায়ের জোর দেখানোর একটা নমুনা হিসেবেই মনে করা হচ্ছে। এর আগেও ‘ম্যাজেস্টিক এক্স’ এবং ‘টিফানি’ নামের দু’টি ইরানি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল।
ওই সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় এই কাজের প্রতিবাদ জানিয়ে বলেছিল, গভীর সমুদ্রে এই ধরনের কর্মকাণ্ড আসলে দস্যুতা এবং সশস্ত্র ডাকাতি ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়া এক প্রকার উস্কানিমূলক কাজ।
সূত্র : আল জাজিরা