মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে অস্থিরতার কালো মেঘ। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার জেরে অচল হয়ে পড়েছে এই অঞ্চলের আকাশসীমা। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের কয়েকশ ফ্লাইট বাতিল ঘোষণা করেছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার আন্তর্জাতিক যাত্রী।
দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই আল মাকতুম বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করেছে। এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে, সোমবার দুপুর ৩টা পর্যন্ত দুবাই থেকে তাদের কোনো বিমান উড়বে না। একইভাবে ইতিহাদ এয়ারলাইন্সও সোমবার দুপুর ২টা পর্যন্ত আবুধাবি থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই অচলাবস্থার প্রভাব পড়েছে ইউরোপীয় এবং এশীয় এয়ারলাইন্সগুলোর ওপরও। ব্রিটিশ এয়ারওয়েজ আগামী বুধবার পর্যন্ত তেল আবিব ও বাহরাইনের ফ্লাইট বাতিল করেছে। একই সাথে দোহা, আম্মান এবং আবুধাবিতে ফ্লাইট বিঘ্নিত হওয়ার সতর্কতা জারি করেছে তারা। ভার্জিন আটলান্টিক, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং এয়ার ইন্ডিয়াও নিরাপত্তার স্বার্থে তাদের রুট পরিবর্তন ও সময়সূচী পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রাতভর অস্থিরতার মধ্যে চারজন কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে এয়ারলাইন্সগুলো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিচ্ছে।