২০২৪ সালের ৩ আগস্ট ছিল জুলাই গণ-অভ্যুত্থানের উত্তুঙ্গ মুহূর্ত। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থী-শিক্ষক, শিল্পী, পেশাজীবীসহ হাজারো মানুষের উপস্থিতিতে সেদিন তৎকালীন শেখ হাসিনা সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপের এক দফা দাবি ঘোষণা করেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম (বর্তমানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ)। এর দুই দিনের মাথায় ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা কীভাবে এসেছিল, এর পেছনে কার কৃতিত্ব বেশি, তা নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে নানা বয়ান সামনে এসেছে, যা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কও হয়েছে। এবার এক দফার সিদ্ধান্তে উপনীত হওয়া নিয়ে নিজের ভাষ্য তুলে ধরেছেন জুলাই অভ্যুত্থানে ৯ দফা দাবি ঘোষণা করে আলোচনায় আসা সাবেক সমন্বয়ক আবদুল কাদের।
আজ সোমবার বিকেলে এক দীর্ঘ ফেসবুক পোস্টে এক দফা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও কয়েকজন সাংবাদিকের ভূমিকার বিস্তারিত সামনে এনেছেন তিনি। তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম, রিফাত রশিদ, আবদুল হান্নান মাসউদ ও মাহিন সরকারের পাশাপাশি মাহফুজ আলমের (পরে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা) সেই সময়কার তৎপরতা নিয়েও লিখেছেন তিনি।