ছাত্রদল বৃক্ষরোপণ করে আর জামায়াত-শিবির সংসদ ও অনলাইনে বট বাহিনীর মাধ্যমে বিষবৃক্ষ রোপণ করে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে বৃক্ষরোপন কর্মসূচিতে তিনি এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে ৮৫টি ঔষধি বৃক্ষরোপণ করেছে ছাত্রদল।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে ডা. আউয়াল বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। এ কারণেই পিজি হাসপাতালের সম্মুখে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত ডিভাইডারে ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, “ছাত্রদল যে মেধাবীদের সংগঠন, তা এই কর্মসূচির মাধ্যমে পুনরায় প্রতিষ্ঠিত হলো। ছাত্রদল বৃক্ষরোপণ করে আর জামায়াত-শিবির সংসদ ও অনলাইনে বট বাহিনীর মাধ্যমে বিষবৃক্ষ রোপণ করে।”
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ডা. আউয়াল বলেন, “নির্বাচনে হেরে তারা এখন পাগলের প্রলাপ বকছে। তাদের ঘুম হয় না। আমাদের লাগানো ঔষধি বৃক্ষের মধ্যে কিছু গাছ ঘুমের জন্য উপকারী। প্রয়োজনে তারা এসব গাছের পাতা বা বাকল নিয়ে যেতে পারেন, এতে তাদের ঘুমের উপকার হবে এবং প্রলাপ কম বকবেন।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শসোমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ড্যাব নেতা ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. মাহবুব, ডা. প্রিন্স, ডা. মোর্শেদা আক্তার ঝর্না, ডা. মুস্তাকীম কবীর, শাহ পরান, ডা. সাব্বির আহমেদ, মহিউদ্দিন মাহি, মো. মিরাজ হোসেন, সুষ্মিতা মল্লিকা, সাবিবর মাহমুদ তিহান, ডা. তানভীর হাসান, ডা. ফাইরুজ ফানান্না, ডা. কামরুল হাসান মুন্না, মেহেদী হাসান লাভলু, আশরাফুল আসাদ, মোবাশ্বির ওয়ালীদ নিলয়, সাগর আহম্মেদ নিয়াজ, মো. রুবেল আহম্মেদ, সোহাগ আহম্মেদ ও আফরিন ইভাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।