আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় দুই বছর পর আবারও জার্মানি দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে ম্যানুয়েল নয়্যারের। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত জার্মানির চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে পারেন ইতিহাসের অন্যতম সেরা এই গোলকিপার।

আজ বৃহস্পতিবার (২১ মে) দল ঘোষণা করতে পারেন জার্মান দলের কোচ জুলিয়ান নাগেলসমান, আর সেখানে নয়্যারের নাম থাকাই হতে পারে সবচেয়ে আলোচিত ঘটনা।

২০২৪ ইউরোর পর জাতীয় দলকে বিদায় জানিয়েছিলেন নয়্যার। তবে বিশ্বকাপের আগে সিদ্ধান্ত বদলে আবারও দেশের জার্সিতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবারের আসরে খেলতে পারলে এটি হবে তার ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। পাশাপাশি জার্মানির হয়ে সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে অংশ নেওয়ার নতুন রেকর্ডও গড়তে পারেন তিনি।

জার্মানির হয়ে ১২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা নয়্যার এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন। বিশেষ করে ২০১৪ সালে ব্রাজিলে জার্মানির বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

চলতি বছরের শুরুতেও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নাকচ করেছিলেন নয়্যার। অন্যদিকে কোচ নাগেলসমান এতদিন অলিভার বাউমানকেই দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা করছিলেন। নয়্যার অবসরের পর বাউমানও ধারাবাহিক ভালো পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে নয়্যারের ফেরার গুঞ্জনে এখন পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।

জার্মান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নয়্যার দলে ফিরলে বাউমানকে হয়ত মূল একাদশের জায়গা ছেড়ে দিতে হতে পারে। এছাড়া স্কোয়াডে তিনজন গোলরক্ষক রাখা হলে আলেক্সান্ডার নুবেল কিংবা জোনাস উরবিগের মধ্যে একজন বাদ পড়তে পারেন।

বয়স ৪০ হলেও সদ্য শেষ হওয়া মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত খেলেছেন নয়্যার। ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করার পাশাপাশি জিতেছেন বুন্দেসলিগা শিরোপাও। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দলের সাফল্যেও ছিল তার বড় অবদান।

নয়্যারের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ফুটবল বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা জার্মানির জন্য বড় শক্তি হতে পারে। তবে সমালোচকদের দুশ্চিন্তা তার সাম্প্রতিক চোট ও বয়স নিয়ে। বিশ্বকাপের মতো দীর্ঘ প্রতিযোগিতায় তিনি কতটা ফিট থাকতে পারবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।

কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপ মিশন শুরু করবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে আইভরি কোস্ট ও ইকুয়েডরের মতো অভিজ্ঞ দল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews