এবারের ঈদুল ফিতরে ওটিটিতে মুক্তি পাওয়া আলোচিত সিরিজ ‘চক্র ২’ দর্শকদের মনে তৈরি করেছে তীব্র আলোড়ন। মনস্তাত্ত্বিক রহস্য ও ডার্ক থ্রিলার ঘরানার এই সিরিজে কেন্দ্রীয় চরিত্র প্রফেসর ড. হুমায়ূনের ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার অভিনয় নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা।
২০০৭ সালে ময়মনসিংহে ঘটে যাওয়া এক পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এই সিরিজটি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।
দর্শকদের অনেকেই একে সাম্প্রতিক সময়ের সেরা থ্রিলারগুলোর একটি বলে অভিহিত করছেন।
বিশেষ করে প্রফেসর ড. হুমায়ূন চরিত্রে তৌসিফ মাহবুবের রূপান্তর যেন পুরো সিরিজকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তার ভয়ংকর লুক, মানসিক ভাঙন আর চরিত্রের গভীরতা দর্শকদের শিহরিত করেছে। অনেকেই বলছেন, পুরো সিরিজ জুড়েই একাই রাজত্ব করেছেন তিনি।
সামাজিক মাধ্যমে দর্শকদের প্রতিক্রিয়ায় উঠে এসেছে প্রশংসার ঢেউ। কেউ লিখেছেন, ‘‘চক্র ২’ ইজ ওয়ান অব দ্য বেস্ট থ্রিলার নাউ।’
আবার কেউ বলছেন, ‘এই সিরিজ দেখার পরও তারা সেই ঘোর থেকে বের হতে পারছেন না।’
পরিচালক ভিকি জাহেদের নির্মাণশৈলীও পেয়েছে ব্যাপক প্রশংসা। প্রতিটি পর্বে টানটান উত্তেজনা, সহিংসতা এবং অশুভ জাদুবিদ্যার অন্ধকার দিক ফুটিয়ে তুলে তিনি দর্শকদের ধরে রাখতে সক্ষম হয়েছেন।
এদিকে ‘ড. হুমায়ূন’ চরিত্রটি ঘিরে তৈরি হচ্ছে নানা মিম, রসিক ছবি ও কার্টুন, যা সিরিজটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।
ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির পর মাত্র এক সপ্তাহেই দ্বিগুণ আয় করেছে ‘চক্র ২’। বর্তমানে এটি প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি ভিউ ও সাবস্ক্রিপশন পাওয়া সিরিজ হিসেবে শীর্ষে অবস্থান করছে।
৮ পর্বের এই সিরিজে তৌসিফ মাহবুব ছাড়াও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, মৌসুমী মৌ, মেঘলা মুক্তা, শাহেদ আলী, নাদের খান, আরেফিন জিলানি ও শাওনসহ আরও অনেকে।
এলআইএ