প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেলেনি ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের ক্লাবটি প্রিমিয়ার ক্রিকেট লিগ বর্জন করলেও বাকি পাঁচ ম্যাচ হয়েছে। তবে বৃষ্টি বাধায় ম্যাচগুলো গড়ায় রিজার্ভ ডেতে। গতকাল রিজার্ভ ডেতে ম্যাচগুলোর ফল হয়েছে ধারণা মতোই। জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবং ২০০৯ সালের পর শিরোপাপ্রত্যাশী মোহামেডান। তিন সেঞ্চুরির ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এককভাবে অবস্থান করছে মোহামেডান। ৯ ম্যাচে ৮ জয়ে দলটির পয়েন্ট ১৬। টানা ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ঠিক পেছন পেছন ছুটছে আবাহনী। শুরুর প্রথম দুই ম্যাচ হারের পর টানা সাত ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের জোড়া সেঞ্চুরির জবাব দিয়েছে গাজী ক্রিকেটার্স সাব্বির হোসেনের সেঞ্চুরিতে। তারপরও ডিএলএস মেথডে মোহামেডান ৪৭ রানে হারিয়েছে গাজী ক্রিকেটার্সকে। আবাহনী ডিএলএস মেথডের ম্যাচে ৩ উইকেটে হারায় লিজেন্ডস অব রূপগঞ্জকে। গুলশান ক্রিকেট ক্লাব ডিএলএস মেথডে ১৭ রানে সিটি ক্লাবকে, বসুন্ধরা স্ট্রাইকার্স ৩১ রানে হারিয়েছে ঢাকা লিওপার্ডসকে।

মুস্তাফিজুর রহমান চলতি মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেললেন। বিকেএসপি-৩ নম্বর ম্যাচে আবাহনীর পক্ষ খেলেই বাজিমাত করেছেন ম্যাচসেরা হয়ে। দুই দিনে শেষ হওয়া ম্যাচে প্রথম ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৭৫ রান করে। ইরফান শুক্কুর ৯৯ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৯ রান করে। আবাহনী ব্যাটিংয় নামলে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ডিএলএস মেথডে ২০ ওভারে আবাহনীর টার্গেট দাঁড়ায় ১৬৩ রান। আবাহনী ৬ ওভারে ২ উইকেটে ৫১ রান তোলার পর খেলা বন্ধ হয়ে যায়। গতকাল ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। পিকেএসপি মাঠে মোহামেডান প্রথম ব্যাটিংয়ে ৪২ ওভারে ৪ উইকেটে ৩৩৩ রান করে। ম্যাচসেরা মুশফিকুর রহিম ১০০ রান করেন ৫৫ বলে ৮ চার ও ৬ ছক্কায়। অধিনায়ক হৃদয় ১০১ রানের অপরাজিত ইনিংসটি খেলেন ৬৬ বলে ৮ চার ও ৪ ছক্কায়। দারুণ ছন্দে থাকা হৃদয়ের এটা টানা দ্বিতীয় সেঞ্চুরি। আগের ম্যাচে ১০১ রান করেছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। টানা চার ম্যাচে পঞ্চাশ ঊর্ধ্ব স্কোর করেছেন মোহামেডান অধিনায়ক। ডিএলএস মেথডে গাজীর টার্গেট দাঁড়ায় ৪২ ওভারে ৩৩৫ রান। সাব্বিরের ১০৪ রানে ভর করে ৮ উইকেটে ২৮৭ রান করে গাজী। লিওপার্ডসের বিপক্ষে প্রথম ব্যাটিংয়ে বসুন্ধরা স্ট্রাইকার্স ৯ উইকেটে ২৫১ রান করে। জবাবে লিওপার্ডস ২২০ রান করে। গুলশান ক্রিকেট ক্লাবের ২০১ রানের জবাবে ডিএলএস মেথডে ১৮৬ রান করে ১৭ রানে হারে সিটি ক্লাব।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews