প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র শুধু শিশুদের থাকার জায়গা নয়, এটি দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা। এই ভিত্তি শিক্ষার, সংস্কৃতি, সহনশীলতা ও এগিয়ে যাওয়ার।
সোমবার (৬ জুলাই) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) সম্পর্কিত কার্যক্রমের আওতায় ‘শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ’ শীর্ষক কর্মশালা উপলক্ষে রাজধানীর দুটি শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করে তিনি একথা বলেন।
তিনি আরো বলেছেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি নারী। এর একটি বড় অংশ কর্মজীবী। এই কর্মজীবী মায়েদের সন্তানের সঠিক যত্ন ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে চায় সরকার, যাতে মায়েরা স্বাচ্ছন্দ্য ও নিশ্চিন্তে কর্মক্ষেত্রে যোগদান করতে পারে।
শিশু দিবাযত্ন কেন্দ্রের দায়িত্বে থাকা কেয়ারগিভারদের ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, অনেক সময় নিষ্ঠা ও আন্তরিকতা থাকা সত্ত্বেও কর্মজীবী মায়েদের সন্তান সঠিক যত্ন পায়না। তাদের সুষ্ঠু বিকাশ ঘটে না। আপনাদের অনবদ্য প্রচেষ্টায় অন্য মা বোনরা স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে কর্মক্ষেত্রে যোগদান করতে পারছেন। এই মানবিক ও কঠিন দায়িত্ব পালনের জন্য আপনাদের ধন্যবাদ।
তিনি আশা প্রকাশ করে বলেন, শিশুদের মানসম্মত সার্বজনীন প্রাকপ্রাথমিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে শিশুদের জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ শক্ত ভিত্তির উপর গড়ে উঠবে। যাতে এগিয়ে যাবে বাংলাদেশ।