আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমদানি-রফতানি কার্যক্রম সচল রাখতে দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ঈদের দিন ছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও এসব কার্যক্রম চালু থাকবে।

সোমবার (১৮ মে) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস নীতি বিভাগের সচিব রেজাউল করিম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এর আগে রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে দেশের সব কাস্টমস কমিশনারকে বিষয়টি অবহিত করা হয়।

নির্দেশনায় বলা হয়, আমদানি-রপ্তানি বাণিজ্যের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কাস্টমস হাউস, শুল্ক স্টেশন ও মূল্য সংযোজন কর কমিশনারেটগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে শিল্পকারখানার কাঁচামাল, তৈরি পোশাক খাতের রপ্তানি পণ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং দ্রুত খালাসযোগ্য পণ্যের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি কার্যক্রমে যেন স্থবিরতা তৈরি না হয়, সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীরা স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিদেশি বিনিয়োগকারীদের চেম্বার, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন, মালামাল পরিবহন প্রতিষ্ঠান এবং জাহাজ এজেন্টদের সংগঠনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে জানানো হয়েছে।

এর আগে গত ঈদুল ফিতরেও ঈদের দিন ছাড়া সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল। প্রতি বছর দীর্ঘ ছুটি ও ঈদ উপলক্ষে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। বিশেষ করে তৈরি পোশাক খাতের রপ্তানি সূচি ঠিক রাখতে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ব্যবসায়ীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews