এক দশকেরও বেশি সময় আগে স্মার্ট চশমার বাজারে ব্যর্থ হয়েছিল গুগল। এবার সেই বাজারেই নতুন রাজকীয় প্রত্যাবর্তনের ঘোষণা দিয়েছে কোম্পানিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ সমৃদ্ধ নতুন স্মার্ট চশমা উন্মোচন করে মেটার সঙ্গে প্রতিযোগিতায় নামার ঘোষণা দিয়েছে তারা।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অনুষ্ঠিত গুগলের বার্ষিক ‘আই/ও ডেভেলপার সম্মেলনে’ নতুন প্রযুক্তির দুটি স্মার্ট চশমার নকশা উন্মোচন করা হয়। ২০২৬ সালের শেষের দিকে বাজারে আসবে এই চশমা। যেটি সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলবে বর্তমান ‘বাজারের নেতা’ মেটাকে।

মেটা ইতোমধ্যে তাদের রে-ব্যান স্মার্ট চশমার প্রায় ৭০ লাখ ইউনিট বিক্রি করে এই খাতে শক্ত অবস্থান তৈরি করেছে। এমন পরিস্থিতিতে গুগলের নতুন উদ্যোগকে দুই প্রযুক্তি জায়ান্টের মধ্যে এআইভিত্তিক পরিধানযোগ্য প্রযুক্তির নতুন প্রতিযোগিতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গুগলের নতুন চশমাটিকে বলা হচ্ছে ‘অডিও গ্লাস’। এতে উন্নত মানের মাইক্রোফোন, ক্যামেরা ও ছোট স্পিকার যুক্ত থাকবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা ফোন কল করা, গান শোনা ও ছবি তোলার পাশাপাশি গুগলের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘জেমিনি এআই অ্যাসিস্ট্যান্ট’-এর সঙ্গে সরাসরি কথা বলতে বা চ্যাট করতে পারবেন।

তবে চশমাটির নির্দিষ্ট বাজারজাতকরণের সময় কিংবা মূল্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি গুগল। সম্মেলনে দুটি আলাদা ডিজাইন বা কালেকশন প্রদর্শন করা হয়েছে। এর একটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চশমা ব্র্যান্ড ‘ওয়ারবি পার্কার’ এবং অন্যটি ডিজাইন করেছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ‘জেন্টল মনস্টার’।

মেটার সঙ্গে টক্কর ও গোপনীয়তার প্রশ্ন

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, গুগলের এই প্রত্যাবর্তন মূলত মেটা-কে টেক্কা দেওয়ার জন্য। তবে গুগলের নতুন ক্যামেরা মডেলটি নিয়ে আবারও পুরোনো সেই ‘গোপনীয়তা লঙ্ঘন’ ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে গুগলও কৌশলী অবস্থান নিয়েছে। এবার তারা প্রযুক্তিকে চশমার ভেতরের ফ্রেমে এমনভাবে লুকিয়ে রাখছে, যাতে সাধারণ চশমা থেকে একে আলাদা করা কঠিন হয়। অর্থাৎ, ভোক্তাদের মন জয় করতে কোম্পানিটি ডিজাইনের ওপরই সবচেয়ে বেশি জোর দিয়েছে।

অডিও চশমার পাশাপাশি স্ক্রিন বা ডিসপ্লে যুক্ত চশমা নিয়েও কাজ করছে গুগল। যা মেটার সর্বশেষ মডেলের মতো চোখের সামনেই ভার্চুয়াল পর্দা বা ডিসপ্লে দেখাবে। গুগল জানিয়েছে, এই চশমাটি এখন ডেভেলপারদের পরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এ বিষয়ে এখনই অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি সিলিকন ভ্যালির এই শীর্ষ প্রতিষ্ঠানটি।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস, বিবিসি

বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews