ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সচেতনতা জাগ্রত করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বর্ণমালা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ঢাকার কাফরুলে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টি এবং ভাষা আন্দোলনের চেতনাকে শিশুদের হৃদয়ে ধারণ করানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বর্ণমালা লেখা, সঠিক উচ্চারণ, শুদ্ধ বানান ও উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের ভাষাগত দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচাঞ্চল্যে ভরপুর।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, 'বাংলা ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের আত্মপরিচয়, ইতিহাস ও চেতনার প্রতীক। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে অর্জিত মাতৃভাষার অধিকারকে সম্মান জানাতে হলে ছোটবেলা থেকেই শিশুদের ভাষা শিক্ষায় মনোযোগী করে তুলতে হবে। বর্ণমালার সঠিক চর্চাই ভাষা শিক্ষার প্রথম ও গুরুত্বপূর্ণ ধাপ।'
বক্তারা আরও বলেন, 'বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের বাংলা ভাষা থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এমন বাস্তবতায় বসুন্ধরা শুভসংঘের মতো সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণমালা প্রতিযোগিতা শিশুদের মাঝে বাংলা ভাষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।'
বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, 'সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা দেশব্যাপী শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভাষার মাস উপলক্ষে বর্ণমালা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তারা শিশুদের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে সচেষ্ট রয়েছে।'
এ সময় অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের কার্যক্রম শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি ভাষা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/তানিয়া