মঙ্গলে অনুসন্ধান চালাতে গিয়ে বিরল এক সমস্যার মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কিউরিওসিটি রোভার। খননের সময় একটি বড় পাথর যন্ত্রের সঙ্গে আটকে যায়। পরে কয়েকদিন ধরে নানা কৌশল প্রয়োগ করে সেটি সরাতে সক্ষম হন বিজ্ঞানীরা। ঘটনাটি মঙ্গল অভিযানে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন গবেষকেরা।
খবর অনুসারে, গত ২৫ এপ্রিল মঙ্গলের একটি পাথর থেকে নমুনা সংগ্রহ করছিল কিউরিওসিটি রোভার। পাথরটির নাম দেওয়া হয়েছিল ‘আতাকামা’। এটি প্রায় দেড় ফুট চওড়া, ছয় ইঞ্চি পুরু এবং ওজন প্রায় ১৩ কিলোগ্রাম। খনন শেষে যন্ত্র ওপরে তোলার সময় পুরো পাথরটি মাটি থেকে উঠে আসে এবং ঘূর্ণায়মান খনন যন্ত্রের আবরণে আটকে যায়।
নাসা জানায়, আগে খননের সময় পাথর ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এভাবে পুরো পাথর যন্ত্রে আটকে থাকার ঘটনা আগে কখনও দেখা যায়নি।
রোভারের সামনের ঝুঁকি নির্ণায়ক ক্যামেরা ও মাথার দিকের চলাচল নির্দেশক ক্যামেরায় পুরো ঘটনাটি ধারণ করা হয়। ছবিতে দেখা যায়, পাথর সরাতে রোভারটি কয়েকবার নিজের যান্ত্রিক বাহু নাড়ায় এবং খনন যন্ত্র চালায়।
প্রথমে বিজ্ঞানীরা যন্ত্রে কম্পন সৃষ্টি করে পাথর আলাদা করার চেষ্টা করেন। কিন্তু তাতে কাজ হয়নি। পরে ২৯ এপ্রিল আবার যন্ত্রের অবস্থান বদলে নতুন করে কম্পন দেওয়া হয়। শেষ পর্যন্ত ১ মে যন্ত্র আরও কাত করে ঘোরানো ও কম্পন প্রয়োগের পর পাথরটি খুলে নিচে পড়ে ভেঙে যায়।
নাসার জেট প্রপালশন গবেষণাগার পরিচালিত এই অভিযানকে মঙ্গল অনুসন্ধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কেকে