বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অসংখ্য ভক্ত-সমর্থক রয়েছে। পর্দায় তার ছবি মানেই ভক্তদের উপচে পড়া ভিড়। ষাটোর্ধ্ব হওয়ার পরেও তাকে দেখে অনুরাগীরা মুগ্ধ।

সেটা আরও একবার প্রমাণ করে দিলেন শাহরুখ খান। গতকাল (২৫ জুন) মেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে তাকে দেখে অনুরাগীর প্রতিক্রিয়া এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে।

সাদা টি-শার্টের উপরে কালো জ্যাকেট, কালো প্যান্ট। হাতে চামড়ার বেল্ট দেওয়া ঘড়ি, চোখে কালো রঙের রোদচশমা, এক কানে দুল। ছিমছাম সাজে উপস্থিত ছিলেন শাহরুখ। তার ব্যক্তিত্বেই যেন অনুরাগীরা আলোকিত হয়ে ওঠেন মুহূর্তে। মেঙ্গালুরুর বিমানবন্দর থেকে অনুষ্ঠানে পৌঁছোনোর রাস্তা পর্যন্তও শাহরুখকে নিয়ে মেতেছিলেন অনুরাগীরা।

বলিউডের বাদশা মঞ্চে ওঠার পরে সেই উন্মাদনা দ্বিগুণ হয়। মঞ্চ থেকে দর্শকের সঙ্গে কথোপকথন সারেন শাহরুখ। নিজের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পা-ও মেলান। এ সবের মধ্যেই এক অনুরাগিণী দর্শকাসন থেকে শাহরুখকে প্রেমপ্রস্তাব দেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক অনুরাগী দর্শকাসন থেকে শাহরুখকে দেখে চিৎকার করছেন। অবশেষে তিনি চেয়ারের উপর উঠে চেঁচিয়ে বলতে থাকেন, ‘আমি তোমাকে ভালবাসি।’ 

প্রথমে শাহরুখ খান শুনতে পাননি। তখন অনুরাগিণীর হাতে মাইক দেওয়া হয়। মাইকে আবার সেই অনুরাগিণী বলেন, ‘আমি আপনাকে খুব ভালোবাসি। আমার স্বামীর চেয়েও আপনাকেই বেশি ভালোবাসি।’

এই কথা শুনে প্রথমে হাসেন শাহরুখ। তার পরে চেনা কায়দায় রসিকতা করে তিনি বলেন, ‘আরে এই কথাটা তো গোপনে বলতে হত।’ 

তারপর শাহরুখ খান বলেন, ‘এটা তো একটা কথা মাত্র। তবে আমি তোমার অনুভূতি বুঝতে পারছি। আমি নিশ্চিত, তোমার স্বামীও তোমাকে খুব ভালোবাসে। আমি তোমাদের সকলকে খুব ভালোবাসি। তোমার স্বামীকেও আমি খুব ভালোবাসি। তোমার গোটা পরিবারকে অনেক ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য।’

এই অনুষ্ঠানেই আর এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, ‘আপনি অভিনেতা না হলে কী হতেন?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আমি মেঙ্গালুরুর মতো একটি শহরে থাকতে পারলে খুব খুশি হতাম। হয়তো আমি একজন শিক্ষক হতাম।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews