নিউজিল্যান্ডের ২৯ বছর বয়সী অলরাউন্ডার গ্লেন ফিলিপস নতুন এক পরিচয়ে সামনে এলেন। ক্রিকেট মাঠে দুর্দান্ত পারফরম্যান্স আর অসাধারণ ফিল্ডিংয়ে বিশ্বজুড়ে প্রশংসিত এই কিউই তারকা এবার আকাশেও ডানা মেলেছেন। সাদা বলের ক্রিকেটে দলের অন্যতম ভরসা হয়ে ওঠা ফিলিপস এখন আনুষ্ঠানিকভাবে একজন সার্টিফায়েড পাইলট।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ফিলিপসকে একটি ‘সেসনা ১৭২’ হালকা বিমান অত্যন্ত দক্ষতার সঙ্গে চালাতে এবং নিরাপদে অবতরণ করতে দেখা গেছে। গত বছরের (২০২৫) সেপ্টেম্বরেই তিনি প্রাইভেট পাইলট লাইসেন্স (পিপিএল) অর্জন করেছেন।

বর্তমানে তিনি কমার্শিয়াল পাইলট লাইসেন্স পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে অকল্যান্ড শহরের ওপর দিয়ে বিমান চালানোর অভিজ্ঞতা শেয়ার করে তিনি একে তার ‘বিশাল প্যাশন’ হিসেবে অভিহিত করেছেন। এমনকি ক্রিকেটের পর এভিয়েশনকেই নিজের প্রথম পেশা হিসেবে বেছে নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

planeপাইলট হওয়ার নেশায় ফিলিপস সম্প্রতি নিউজিল্যান্ডের আর্ডমোর ফ্লাইং স্কুলে সময় কাটিয়েছেন। সেখানে শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ‘এ৩২০’ সিমুলেটর চালানোর অভিজ্ঞতাও নিয়েছেন তিনি। কিউই এই তারকা একে একটি ‘অসাধারণ অভিজ্ঞতা’ বলে বর্ণনা করেছেন।

কয়েক দিন আগেই আহমেদাবাদে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে পরাজিত হওয়া নিউজিল্যান্ড দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ফিলিপস। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

তবে ভক্তদের জন্য সুখবর হলো, আসন্ন আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে মাঠে নামবেন তিনি। ২০২৫ সালের নিলামে দলে যোগ দিলেও ইনজুরির কারণে গত মৌসুমে একটি ম্যাচও খেলতে পারেননি। তবে ২০২৬ মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজিটি তাকে ধরে রেখেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews