পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের নিলামের আগে চারজন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের এক সপ্তাহ আগে বিভিন্ন দল তাদের রিটেইন ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে।
ইসলামাবাদ ইউনাইটেড তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে। প্লাটিনাম ক্যাটাগরি থেকে শাদাব খানকে ৭ কোটি পাকিস্তানি রুপিতে রিটেইন করেছে তারা। পাশাপাশি গোল্ড ক্যাটাগরি থেকে সালমান ইরশাদকে ১ কোটি ২০ লাখ এবং সিলভার ক্যাটাগরি থেকে আন্দ্রিস গুসকে ১ কোটি ৪০ লাখ রুপিতে রেখে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা, মোহাম্মদ নাওয়াজ, ইমাদ ওয়াসিম, আজম খান ও হায়দার আলীর মতো তারকা ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে ইসলামাবাদ।
করাচি কিংস গত মৌসুমে খেলা ক্রিকেটারদের মধ্য থেকে চারজনকে রিটেইন করেছে। প্লাটিনাম ক্যাটাগরি থেকে হাসান আলী, ডায়মন্ড ক্যাটাগরি থেকে আব্বাস আফ্রিদি, গোল্ড ক্যাটাগরি থেকে খুশদিল শাহ এবং ইমার্জিং ক্যাটাগরি থেকে সাদ বেগকে রেখে দিয়েছে দলটি। শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে করাচি।
কোয়েটা গ্লাডিয়েটর্স আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে রিটেইন করেছে। তবে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো ক্রিকেটারদের দলে রাখেনি তারা।
বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স শাহীন শাহ আফ্রিদিকে ৭ কোটি রুপিতে রিটেইন করেছে। পাশাপাশি সিকান্দার রাজা, আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ নাইমকেও রেখে দিয়েছে দলটি। গত আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে রিটেইন না করায় আলোচনা তৈরি হয়েছে। ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জাকে ছেড়ে দিয়েছে লাহোর।
পেশাওয়ার জালমি গুঞ্জন সত্ত্বেও বাবর আজমকে দলে রেখেছে। প্লাটিনাম ক্যাটাগরিতে বাবরকে ৭ কোটি রুপিতে রিটেইন করার পাশাপাশি সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ ও আলী রাজাকেও ধরে রেখেছে তারা। তবে পাকিস্তান জাতীয় দলের নিয়মিত সদস্য সাইম আইয়ুবকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কেবল মুলতান সুলতান্স এবার কাউকেই রিটেইন করেনি। নতুন দুই দলের একটি শিয়ালকোট স্ট্যালিয়ন্স অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথের সঙ্গে সরাসরি চুক্তি করেছে।
বিডি প্রতিদিন/মুসা