সড়ক দুর্ঘটনা কমাতে নিউইয়র্ক সিটির স্কুল জোনগুলোতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২০ মাইল থেকে কমিয়ে ১৫ মাইল নির্ধারণ করা হয়েছে।

গতকাল সোমবার (১৬ মার্চ) কুইন্সের ফ্লাশিং ইন্টারন্যাশনাল হাইস্কুলে এ ঘোষণা দেন সিটি মেয়র জোহরান মামদানি।

মেয়র বলেন, ‘গাড়ির গতি যত কমবে, তত বেশি মানুষের জীবন রক্ষা করা সম্ভব। এটিই আমাদের প্রশাসনের অগ্রাধিকার।’

তিনি জানান, ১৩ বছর আগে ব্রুকলিনে একটি মর্মান্তিক দুর্ঘটনায় ১২ বছর বয়সি শিশু স্যামি কোহেন নিহত হয়। ওই ঘটনার পর থেকেই তার মা সড়কে গতিসীমা কমানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। পরবর্তী সময়ে ২০২৪ সালে এ বিষয়ে সিটি কাউন্সিলে একটি বিলও পাস হয়।

মামদানি আরও বলেন, গত ১৩ বছরে নিউইয়র্ক সিটির সড়কে দুর্ঘটনায় অন্তত ২ হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে শতাধিক শিক্ষার্থী রয়েছে। নিউইয়র্ক পুলিশের তথ্য অনুযায়ী, মোট দুর্ঘটনার প্রায় ২৫ শতাংশই ঘটেছে অতিরিক্ত গতির কারণে।

সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যানহাটান, কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ড বরোর প্রায় ২ হাজার ৩০০টি স্কুল জোনের মধ্যে আগে ৭০০ জোনে গতিসীমা ছিল ২০ মাইল। নতুন সিদ্ধান্তে ৮০০ জোনে তা কমিয়ে ১৫ মাইল করা হয়েছে।

ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (ডিওটি) সূত্রে জানা গেছে, বর্তমানে মোট ১ হাজার ৩০০ স্কুল এলাকার আশপাশে ১৫ মাইলের বেশি গতিতে গাড়ি চালালে জরিমানার মুখে পড়তে হবে। এ নিয়ম কার্যকর করতে ইতোমধ্যে ২ হাজার ৪০০ স্পিড ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক পুলিশও তদারকিতে থাকবে। তবে এই সিদ্ধান্ত কার্যকরের আগে ৬০ দিনের মধ্যে জনমত যাচাই করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিওটির তথ্য অনুযায়ী, ঘণ্টায় ২৫ মাইল গতিতে সংঘটিত দুর্ঘটনায় মৃত্যুর ঝুঁকি ১৫ মাইল গতির তুলনায় প্রায় তিনগুণ বেশি।



বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews