লালমোহন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে জন্ম হয়েছে ৬ পা বিশিষ্ট একটি গরুর বাছুরের। এমন খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ) ভোর রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব চর উমেদ গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে বাছুরটির জন্ম হয়।
জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে আরও অতিরিক্ত দুটি পা রয়েছে।
চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ৬টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিকভাবেই বেড়ে উঠতে পারবে।
গরুর মালিক মো. শাহাবুদ্দিন মিয়া বলেন, গাভীটি ভোর রাতের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানান, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
এদিকে ৬ পা বিশিষ্ট গরুর বাছুরের জন্ম হওয়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে বাছুরটিকে একনজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় করছেন। এ বিষয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
লালমোহন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভেটেরিনারি সার্জন) ডা.মো. গোলাম মোস্তফা বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটে না। তবে আশা করা যাচ্ছে, ৬ পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না। বাছুরটি কিছুটা বড় হলে অতিরিক্ত দুটি পা অপারেশনের মাধ্যমে অপসারণ করা যেতে পারে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক